জাতীয়
ছবি: সংগৃহীত

টঙ্গীতে বিএনপির সমাবেশ ঘিরে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ২১।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুর-২ আসনে বিএনপির পূর্বনির্ধারিত নির্বাচনী সমাবেশকে ঘিরে টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় শিশু-কিশোরসহ অন্তত ২১ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর মাজার বস্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দগ্ধদের মধ্যে ১৯ জনকে সন্ধ্যায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রমজান, রাফি, বিজয়, তাসিন, সিয়াম, মিনহাজ, অনিক, হাসু, হাসনাত (দুইজন), রুবেল, আলামিন, রাব্বি, হৃদয়, শাওন, ইমাম, নির্জন ও মারুফসহ কয়েকজনের নাম জানা গেছে।

টঙ্গী সরকারি হাসপাতাল সূত্র জানায়, কয়েকজনের শরীরের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেছে। তাদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, সমাবেশ উপলক্ষে টঙ্গীবাজারের একটি কক্ষে গ্যাস বেলুন রাখা ছিল। সেগুলো বের করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং উপস্থিত লোকজন দগ্ধ হন।

টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই দুর্ঘটনাটি ঘটেছে। নাশকতার কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতারা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। তারা এটিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা উল্লেখ করে দ্রুত সুস্থতার কামনা করেছেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, হাসপাতালে আনা রোগীদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অনেকেই প্রায় ১২ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছেন।

মতামত দিন