জাতীয়
ছবি: সংগৃহীত

নাটোরে ভয়াবহ আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু,দগ্ধ আরও দুজন।

নিজেস্ব প্রতিবেদক:

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও তার ছোট্ট মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

সোমবার ভোরে উপজেলার ঝাউপাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে মুদি দোকানসহ অন্তত পাঁচটি ঘর, গৃহস্থালির মালামাল এবং ১২টি ছাগল পুড়ে গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাড়িটি মোন্তার হোসেনের। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রান্টু ইসলামের স্ত্রী আতিয়া ও তাদের দেড় বছরের কন্যা রওজা খাতুন আগুনে প্রাণ হারান।

এ ঘটনায় মোন্তার হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে মর্জিনা বেগমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ বা গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের উৎপত্তি হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নিহত মা ও শিশুর দাফনসহ জরুরি খরচ মেটাতে ৪০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

মতামত দিন