ভোটের দিনও স্বাভাবিকভাবে চলবে মেট্রোরেল,বাড়বে ট্রেন সংখ্যা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন রাজধানীর মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ওইদিন অতিরিক্ত ট্রেন চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ভোটগ্রহণের সময় যাত্রী চাপ বিবেচনায় স্বাভাবিক সময়সূচি বজায় রেখেই ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
বর্তমান সময়সূচি অনুযায়ী, কর্মদিবসে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে ভোর ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় রাত ৯টা ১ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যায় উত্তরা উত্তরের দিকে, আর শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪১ মিনিটে।
তবে নির্বাচনের দিন নির্ধারিত সময়সূচি অপরিবর্তিত থাকলেও যাত্রী সুবিধা বাড়াতে ট্রেন চলাচলের ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতামত দিন