জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনে পুলিশ বাহিনী একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে: ডিএমপি কমিশনার।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশের নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, অতীতে পুলিশকে যেভাবে ব্যবহারের অভিযোগ উঠেছিল, সেই ধারা থেকে বেরিয়ে এবার আইনশৃঙ্খলা বাহিনী একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনী নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

সাম্প্রতিক এক বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে জোরপূর্বক প্রবেশের চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই। ওই এলাকায় যেকোনো ধরনের আন্দোলন নিষিদ্ধ বলেও তিনি জানান এবং নির্বাচনের ঠিক আগে এমন কর্মসূচিকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন।

রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অল্পসংখ্যক মানুষ যদি জনদুর্ভোগ সৃষ্টি করে, তা প্রতিহত করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, রাজধানীতে মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত, যেখানে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত ৩৭টি কেন্দ্রে মোতায়েন থাকবে সাতজন করে পুলিশ সদস্য।

নির্বাচনকে ঘিরে বড় কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও দাবি করেন ডিএমপি কমিশনার। তার ভাষায়, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় আরও ভালো এবং নির্বাচন আয়োজনের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে।

মতামত দিন