টানা ২১ ঘণ্টা গ্যাসর স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়।
আদমজী ইপিজেড এলাকায় একটি গুরুত্বপূর্ণ গ্যাস সঞ্চালন লাইনে সংস্কারকাজের কারণে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে দীর্ঘ সময় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়জুড়ে গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক পৃথক নোটিশে সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের একটি সঞ্চালন পাইপলাইন প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজের জন্য বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা গ্যাস ব্যবস্থায় সীমাবদ্ধতা থাকবে।
এই সময়ে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরসংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল—নারায়ণগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সীগঞ্জ, জিনজিরা এবং শ্যামপুর বিসিক এলাকাসহ আশপাশের এলাকায় সব ধরনের গ্রাহক গ্যাস ব্যবহারে তীব্র চাপসংকটের মুখে পড়বেন বলে জানানো হয়েছে।
তিতাস গ্যাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, উল্লেখিত এলাকার বাইরেও নিকটবর্তী কিছু অঞ্চলে সাময়িকভাবে গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে। কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস জানিয়েছে, জরুরি এই প্রতিস্থাপন কাজটি নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার স্বার্থেই করা হচ্ছে।

মতামত দিন