জাতীয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ৩৩৩ নম্বরে বিশেষ তথ্যসেবা চালু।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একযোগে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের সঠিক তথ্য সহজে পৌঁছানোর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এটুআই-এর সহযোগিতায় ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩ চালু করেছে।

এই হেল্পলাইনের মাধ্যমে দেশের যেকোনো মোবাইল ব্যবহারকারী টোল ফ্রি কল করে ৯ প্রেসের মাধ্যমে ভোটসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন। এতে ভোটকেন্দ্রের অবস্থান, ভোট দেওয়ার নিয়ম, জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত তথ্য, ভোটকালীন আচরণবিধি এবং প্রবাসী ভোটার, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।

সেবার আওতায় নির্বাচনের জন্য ব্যবহৃত স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা ও ডাকের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতির বিস্তারিত নির্দেশনাও পাওয়া যাবে। ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই হেল্পলাইনে ইতিমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন।

হেল্পলাইনটি শুধু ভোটসংক্রান্ত তথ্য সরবরাহ করবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্তকরণ এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার মাধ্যম হিসেবেও কাজ করবে। এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুমের কাজ করবে না; তবে তথ্য সংগ্রহ ও প্রেরণ একটি ‘তথ্য গ্রহণ, প্রাথমিক সতর্কতা ও প্রেরণ ব্যবস্থা’ হিসেবে পরিচালিত হবে। প্রয়োজন হলে প্রাপ্ত তথ্য ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এই হেল্পলাইনের মাধ্যমে ভোটাররা নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পেয়ে তাদের ভোটাধিকার সচল রাখতে সক্ষম হবেন।

মতামত দিন