জাতীয়
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে রাতের অন্ধকারে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

নিজেস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জ শহরের পুকুরপাড় এলাকায় মঙ্গলবার রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় একটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে দুইটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা অনুমান করা হচ্ছে।

ঘটনার সময় স্থানীয়রা জানান, রাত আনুমানিক ৯টার দিকে প্রথম আগুনের লেপ্টা দেখা দেয়। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

এক দোকান, গাইটাল বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত একটি ইজিবাইক বিক্রয়কেন্দ্র, সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দোকানের মালিক মো. আ. কাদির বলেন, তার দোকানের দুটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। তিনি প্রাথমিক ক্ষয়ক্ষতি হিসেবে সাড়ে চার লাখ টাকা উল্লেখ করেন।

অন্যদিকে, একই মার্কেটের বিসমিল্লাহ ইলেকট্রনিক অ্যান্ড হার্ডওয়্যার দোকানও আগুনের কবলে পড়ে। মালিক মো. শরিফুল ইসলাম রুবেল জানান, দোকানটি আগুনে ভস্মীভূত হয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে প্রায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ খালিদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ এবং অগ্নিকাণ্ডের মূল কারণ খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

মতামত দিন