জাতীয়
ছবি: সংগৃহীত

দাউদকান্দির গৌরীপুর বাজারে আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীরা, পুড়ল ২৫টি দোকান।

 নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে গভীর রাতে লাগা ভয়াবহ আগুনে মুহূর্তেই ছাই হয়ে গেছে সারি সারি দোকান। আগুনে অন্তত ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা–হোমনা সড়কের পাশে পূর্ব দিকের কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দাউদকান্দিসহ আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। দোকানে মজুত থাকা রঙ, বার্নিশ ও অন্যান্য দাহ্য কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানগুলো গ্রাস করে।

প্রাথমিকভাবে দাউদকান্দি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে হোমনা ও চান্দিনা থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে ১০টি ফার্নিচারের দোকান ছাড়াও একটি ইলেকট্রিক ও এসি শোরুম, দুটি অটোরিকশা গ্যারেজ, চারটি মুদি দোকান এবং রমজানের জন্য মজুত রাখা খেজুরের একটি গোডাউন পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন বলেন, “এক রাতেই সব শেষ। দোকানের ভেতরে যা ছিল, কিছুই আর অবশিষ্ট নেই।” তিনি জানান, ক্ষতির পরিমাণ চার কোটি টাকার বেশি হতে পারে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেছেন। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

মতামত দিন