একদিনেই রাজধানীতে ট্রাফিক আইনে এক হাজারের বেশি মামলা, জব্দ শতাধিক যান।
রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনের বিশেষ অভিযানে এক হাজারের বেশি মামলা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে বিপুলসংখ্যক যানবাহন ডাম্পিং ও রেকার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চালানো অভিযানে মোট ১ হাজার ৯৭টি মামলা করা হয়েছে।
ট্রাফিক বিভাগ জানায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান ও মিরপুর এলাকায়। গুলশান ট্রাফিক বিভাগ একদিনে ১৮৫টি এবং মিরপুর বিভাগ ১৮২টি মামলা দিয়েছে। এছাড়া উত্তরা এলাকায় ১৫৮টি, মতিঝিলে ১৬৫টি এবং তেজগাঁও এলাকায় ১৪৪টি মামলা করা হয়।
রেকর্ড করা মামলাগুলোর মধ্যে রয়েছে—বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল। বিশেষ করে অবৈধ পার্কিং, সিগন্যাল অমান্য ও ফিটনেসবিহীন যান চলাচলের অভিযোগে মোটরসাইকেলের বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানের সময় ৩৮৪টি যানবাহন ডাম্পিং করা হয় এবং ১৪১টি গাড়ি রেকার করা হয়েছে।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীতে যানজট ও দুর্ঘটনা কমাতে নিয়মিত অভিযান চলবে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মতামত দিন