শবে বরাতের রাতে ঢাকায় আতশবাজি–পটকা নিষিদ্ধ,ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করলেই ব্যবস্থা।
পবিত্র শবে বরাত ঘিরে রাজধানী ঢাকায় যেকোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো বন্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোসহ বিস্ফোরক সামগ্রীর ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
ডিএমপি জানায়, শবে বরাতের রাত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্ত পরিবেশে পালনের লক্ষ্যে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী,৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই সময় বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
ডিএমপি আরও সতর্ক করে জানিয়েছে, ঘোষিত নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন