জাতীয়
ছবি: সংগৃহীত

বদল হচ্ছে র‍্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন।

নিজেস্ব প্রতিবেদক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আর আগের নামে থাকছে না। বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আনুষ্ঠানিক আদেশ জারির পর নতুন নামেই বাহিনীটির কার্যক্রম পরিচালিত হবে।

শুধু নাম নয়, এসআইএফ সদস্যদের ইউনিফর্মেও পরিবর্তন আসছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাঁর ভাষ্য অনুযায়ী, নতুন পোশাক তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।

র‍্যাবের কার্যক্রম প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেন, গত দেড় বছরে বাহিনীটির কাজের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের প্রতিফলন হিসেবেই নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, অনেকের কাছে ‘র‍্যাব’ নামটি নেতিবাচকভাবে উপস্থাপিত হচ্ছিল, সে কারণেও নতুন পরিচয়ের প্রয়োজন দেখা দেয়।

ব্রিফিংয়ে নির্বাচন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশ্বস্ত করে বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিশ্চয়তার সুযোগ নেই।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে পুলিশের মনোবল ও সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। ফলে নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ দেখছেন না তিনি।

মতামত দিন