জাতীয়
ছবি: সংগৃহীত

অফিস-আদালত শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে হর্ন বাজালে জরিমানা:ডিএমপি

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে কড়া অবস্থানে গেল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অফিস-আদালত, হাসপাতাল-ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে যানবাহনের হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডিএমপির সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজালে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা কিংবা তিন মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ কার্যকর করার অংশ হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকাকে বিশেষভাবে নজরদারিতে আনা হচ্ছে। সচিবালয়ের চারপাশের সড়ক, ভেতরের রাস্তা ও পার্কিং এলাকায় কোনো যানবাহন হর্ন ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে ট্রাফিক বিভাগ আইনগত ব্যবস্থা নেবে।

ডিএমপি জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন ও পুলিশের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি চালানো হবে জনসচেতনতামূলক কার্যক্রম।

শব্দদূষণ কমাতে রাজধানীর সব যানচালককে নতুন বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।

মতামত দিন