উত্তরায় পার্কিং করা বাসে আগুন,অল্পের জন্য এড়াল বড় দুর্ঘটনা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের ওই বাসে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রাস্তায় দাঁড় করানো ছিল এবং কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম জানান, চালক ও হেল্পার ইঞ্জিন চালু রেখেই চা খেতে নিচে নেমেছিলেন। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, সকাল ১০টা ১২ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
তিনি জানান, বাসে কেউ না থাকায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মতামত দিন