উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১ সিদ্ধান্ত, নতুন অধ্যাদেশ ও কূটনৈতিক মিশনের অনুমোদন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন, মানবাধিকার, ক্রীড়া, বাণিজ্য ও নগর উন্নয়নসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ১১টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন পেয়েছে। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ–২০২৬-এর খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ–২০২৬-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ২৩ মার্চ ‘বিএনসিসি ডে’ হিসেবে পালিত হবে। পাশাপাশি জাতিসংঘের নির্যাতনবিরোধী কনভেনশনের ৭০(১) ধারার আওতায় বাংলাদেশ আগে যে ঘোষণা দিয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণের অংশ হিসেবে ক্যারিবীয় রাষ্ট্র গায়ানায় বাংলাদেশের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ২০২৫–২০২৮ সময়কালের আমদানি নীতি আদেশের খসড়া, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬-এর খসড়াও বৈঠকে অনুমোদন পায়।
আন্তর্জাতিক পারিবারিক আইনের ক্ষেত্রে অগ্রগতির অংশ হিসেবে নেদারল্যান্ডসভিত্তিক ‘হেগ কনভেনশন অন সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন–১৯৮০’-এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, এসব সিদ্ধান্ত নারীর নিরাপত্তা জোরদার, মানবাধিকার সুরক্ষা, ক্রীড়া ও নগর উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাণিজ্য নীতিতে দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তনে সহায়ক হবে।

মতামত দিন