নির্বাচনী আচরণবিধি ভাঙায় সারাদেশে প্রার্থীদের ওপর ইসির সোয়া ১২ লাখ টাকার জরিমানা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বাড়ছে। এসব অভিযোগে সারাদেশে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানান, চলমান নির্বাচনী প্রচারণাকালে আচরণবিধি না মানার দায়ে প্রার্থীদের কাছ থেকে মোট সোয়া ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, ৮ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে পরিচালিত তদারকি ও অভিযোগ নিষ্পত্তির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ওই সময়কালে দেশের ১৭৬টি নির্বাচনী এলাকায় আচরণবিধি ভঙ্গের ১৯২টি ঘটনা শনাক্ত করা হয়েছে।
ইসির হিসাবে, এসব ঘটনায় মোট ১২ লাখ ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে ১১৯টি মামলা দায়ের করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান বজায় থাকবে।
মতামত দিন