জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে নলকূপের গর্তে পড়ে যাওয়া সেই শিশু মেজবাহ মারা গেছে।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধার করা পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় আটকে থাকার পর উদ্ধার হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বুধবার রাতে উদ্ধার কার্যক্রম শেষে শিশুটিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর নাম মেজবাহ।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় বাড়ির পাশেই থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় মেজবাহ। ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আনুমানিক সোয়া ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে বের করতে সক্ষম হয়। তবে ততক্ষণে তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে।

এর আগে উদ্ধারকারী দল পৌঁছানোর আগ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা নিজেরাই টর্চলাইট ও গাছের ডাল ব্যবহার করে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেই দৃশ্য দেখা যায়।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিত্যক্ত নলকূপের গর্তগুলো দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় একইভাবে একটি নলকূপের গর্তে পড়ে মারা যায় শিশু সাজিদ। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

মতামত দিন