রোহিঙ্গা সংকটে একমাত্র সমাধান প্রত্যাবাসন, জানালেন প্রধান উপদেষ্টা।
রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে তা শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলের জন্যই ঝুঁকি তৈরি করবে—এমন উদ্বেগের কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর ভাষায়, এই সংকটের বাস্তব ও টেকসই সমাধান একটাই—মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন।
বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আইভো ফ্রেইজেনের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, সমস্যার জন্ম যেখানে, সমাধানও সেখান থেকেই আসতে হবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দায়িত্ব পালন করছে, কিন্তু স্থায়ী সমাধান ছাড়া এই পরিস্থিতি টেনে নেওয়া সম্ভব নয়।
অধ্যাপক ইউনূস বলেন, শিবিরে বেড়ে ওঠা একটি বড় অংশের তরুণ প্রজন্ম এখন প্রযুক্তিসচেতন হলেও ভবিষ্যৎ নিয়ে হতাশ। এই হতাশা ও ক্ষোভ দীর্ঘমেয়াদে কারও জন্যই ইতিবাচক কিছু বয়ে আনবে না। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, রোহিঙ্গাদের অনির্দিষ্টকালের জন্য শিবিরে আটকে রাখা কোনো সমাধান নয়; বরং এতে সামাজিক ও নিরাপত্তাজনিত চাপ বাড়ছে। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে জাতিসংঘ ও প্রভাবশালী দেশগুলোর নতুন করে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।
বৈঠকে কক্সবাজারের শরণার্থী শিবিরে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ভাসানচরের বর্তমান অবস্থা এবং বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও উভয়ের মধ্যে মতবিনিময় হয়।

মতামত দিন