নির্বাচনী স্বচ্ছতায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিইসি।
নির্বাচন প্রক্রিয়ায় সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে নির্বাচন নিয়ে জনআস্থা আরও বাড়বে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। এ সময় তিনি জানান, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমাতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বৈঠকে উপস্থিত সাংবাদিক নেতারা নির্বাচন কাভারেজে বিদ্যমান সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি জানান। পাশাপাশি ভোট পর্যবেক্ষণের জন্য সাংবাদিকদের যে অনলাইন পাস গ্রহণ পদ্ধতি চালু রয়েছে, সেটি বাতিল করে আরও সহজ ও সরাসরি ব্যবস্থা চালুর আহ্বান জানান তারা।
সাংবাদিক নেতারা আরও বলেন, রোববারের মধ্যে এসব বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না এলে আসন্ন নির্বাচন কাভার করা হবে কি না—সে বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন তারা। তাদের মতে, সাংবাদিকদের কাজের পরিবেশ সহজ না হলে নির্বাচন পর্যবেক্ষণ বাধাগ্রস্ত হবে।

মতামত দিন