এসএসসি পরীক্ষার জন্য নতুন করে সতর্কতা জারি।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ই-টিআইএফ (eTIF) পূরণে নতুন করে সতর্কতা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে কিছু বিধিনিষেধ আরোপের পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানদের বিশেষভাবে দায়বদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা-সংক্রান্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে সম্পন্ন করতে প্রতিষ্ঠানপ্রধানসহ সংশ্লিষ্ট সব শিক্ষকের সিটিআইএফ/ই-টিআইএফ যথাযথভাবে পূরণ নিশ্চিত করতে হবে। আগামী ৫ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে বোর্ডে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে—অনেক শিক্ষক মাস্টার ট্রেইনার না হয়েও ই-টিআইএফে নিজেকে মাস্টার ট্রেইনার হিসেবে উল্লেখ করেছেন, যা সম্পূর্ণ অনিয়ম। যারা প্রকৃতপক্ষে মাস্টার ট্রেইনার নন, তাদের দ্রুত ই-টিআইএফের তথ্য সংশোধন করতে বলা হয়েছে।
বোর্ড সতর্ক করে জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে ভুল বা প্রতারণামূলক তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, এ ধরনের তথ্য সত্যায়ন করলে প্রতিষ্ঠানপ্রধানও দায় এড়াতে পারবেন না।

মতামত দিন