মেরামত কাজের কারণে শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়।
জরুরি কারিগরি কাজের কারণে কুমিল্লা জেলার একাধিক এলাকায় টানা একদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
গ্যাস কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, নন্দনপুর ডিআরএসে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হবে। এ কারণে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে পরদিন শনিবার সকাল ৮টা পর্যন্ত কুমিল্লা সদরসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ স্থগিত থাকবে।
গ্যাস না পাওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা সদর উপজেলা, কুমিল্লা বিসিক শিল্প এলাকা, কুমিল্লা ইপিজেড এবং সংলগ্ন অঞ্চল। এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহকই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ। কাজ শেষ হলে নির্ধারিত সময় অনুযায়ী পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলেও জানানো হয়েছে।
মতামত দিন