গণভোটকে সামনে রেখে মাদরাসাগুলোতে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে প্রশাসনিক নির্দেশনা জোরদার।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় গণভোটে অংশগ্রহণ ও ভোট প্রদানের বিষয়ে জনমত তৈরির লক্ষ্যে দেশের মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার (২৮ জানুয়ারি) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক দাপ্তরিক নির্দেশনায় জানানো হয়, গণভোট বিষয়ে সচেতনতা তৈরির দায়িত্ব সংশ্লিষ্ট মাদরাসার প্রতিষ্ঠানপ্রধানদের ওপর ন্যস্ত থাকবে। এ উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যানার, ফেস্টুন টাঙানো, লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত লিফলেটের বিষয়বস্তু এবং নির্বাচন কমিশনের তথ্য কণিকা-৯ অনুসরণ করে স্ট্যান্ডিং ব্যানার প্রস্তুত করে মাদরাসার অফিস ও ক্যাম্পাসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন সরবরাহকৃত ড্রপডাউন ব্যানারও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া গণভোটের উদ্দেশ্য, ভোট গ্রহণের সময়সূচি এবং ভোট প্রদানের নিয়ম সহজভাবে তুলে ধরে মাদরাসাগুলোতে আলাদা প্রচারণা চালাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ব্যানার, ফেস্টুন ও লিফলেট ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, অভিভাবক সমাবেশ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক যেকোনো অনুষ্ঠানে গণভোট সংক্রান্ত বার্তা উপস্থাপন করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বলা হয়েছে। মাদরাসার নিজস্ব ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডেও এ বিষয়ে নিয়মিত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত দুটি লিফলেট জেলা প্রশাসকের কার্যালয় বা সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে অথবা এক পাতায় দুই পৃষ্ঠায় মুদ্রণ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন