জাতীয়
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ার নন্দীগ্রামে একটি ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের নামুইট-সিমলা সড়কে ঘটে।

নিহতরা হলেন নন্দীগ্রাম উপজেলার ভরতেতুলিয়া দক্ষিণপাড়ার ১৭ বছর বয়সী নেহাল এবং নাটোরের বাগাতিপাড়া আব্দুল্লাপুর গ্রামের ১৭ বছর বয়সী লিমন। তারা চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী এবং নন্দীগ্রামের ‘মা কেজি অ্যান্ড হাই স্কুল’-এর ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৯ জানুয়ারি তাদের স্কুলে অনুষ্ঠিতব্য বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি শেষে নেহাল ও লিমন মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কালিগঞ্জ থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, ফায়ার সার্ভিসের একটি দল নিহতদের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও জানান, নিহতদের উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে ট্রাক চালক শনাক্ত ও ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মতামত দিন