নিরাপত্তা জোরদারে ঢাকাসহ তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রে সহিংসতা ও জাল ভোট রোধে বৃহস্পতিবার থেকে মাঠে নামবে বিজিবির ৫ ব্যাটালিয়ন।
বিজিবি সদর দপ্তরে বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, ঢাকা সেক্টরের ৩৮টি প্লাটুন বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ে ৬ প্লাটুন এবং ফরিদপুর ও মানিকগঞ্জে মোট ২১ প্লাটুন মোতায়েন করা হবে।
নিরাপত্তা জোরদারের জন্য গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, মোবাইল ও স্থায়ী নজরদারি কেন্দ্র এবং আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হবে। এছাড়া, বিজিবির কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড অ্যাকশন টিম এবং বিশেষ প্রশিক্ষিত কুকুর স্কোয়াড প্রয়োজনে ভোটকেন্দ্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বলেন, নির্বাচনী সময় প্রিজাইডিং অফিসার বা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী কেন্দ্রে প্রবেশ করতে পারবে বিজিবির সদস্যরা। কোনো সহিংসতা বা অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন