প্রশাসনে বড় পদোন্নতি,অতিরিক্ত সচিব হলেন ১১৮ জন কর্মকর্তা।
সরকারি প্রশাসনে নতুন করে উচ্চপদে রদবদল এসেছে। বিসিএস প্রশাসন ক্যাডারের একদল কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব পদে উন্নীত করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে এই পদোন্নতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যাচের মোট ৪০৭ জন কর্মকর্তার মধ্যে যাচাই-বাছাই শেষে ১১৮ জনকে অতিরিক্ত সচিব পদে উন্নীত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিষয়ে নেতিবাচক বা ভিন্ন কোনো তথ্য উদঘাটিত হলে এই পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে সরাসরি অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দেবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মতামত দিন