জাতীয়
ছবি: সংগৃহীত

ভোটের আগে-পরে যান চলাচলে নিষেধাজ্ঞা,বন্ধ থাকবে মোটরসাইকেলসহ একাধিক যান।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে নির্দিষ্ট সময়ের জন্য কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন এবং তার আগে-পরে এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাব চলাচল করতে পারবে না। পাশাপাশি মোটরসাইকেলের ক্ষেত্রে আরও দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে, মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত—অর্থাৎ টানা তিন দিন।

তবে জরুরি ও বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন ছাড়াও অনুমোদিত পর্যবেক্ষক ও সংবাদমাধ্যমের গাড়ি এ তালিকার বাইরে থাকবে। একইভাবে চিকিৎসা, ওষুধ পরিবহন, জরুরি স্বাস্থ্যসেবা, বিমানবন্দরগামী যাত্রীদের গাড়ি (টিকিট দেখাতে হবে), দূরপাল্লার গণপরিবহন এবং বিটিআরসি অনুমোদিত টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানের যানবাহন চলাচল করতে পারবে।

এ ছাড়া রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের জন্য একটি করে গাড়ি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তঃজেলা বা মহানগরের গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন সড়কে প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল থাকতে পারে। পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা অতিরিক্ত বিধিনিষেধ আরোপ কিংবা শিথিল করার ক্ষমতা রাখবেন।

মতামত দিন