জাতীয়
ছবি: সংগৃহীত

ভোটের দিনে সংবাদ সংগ্রহে অনলাইন আবেদন বাধ্যতামূলক, সাংবাদিকদের জন্য নির্দেশনা জারি ইসির

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সংগ্রহে আগ্রহী সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন কেন্দ্রগুলোতে প্রবেশের জন্য সাংবাদিকদের অনুমতিপত্র ও গাড়ির স্টিকার অনলাইনে সংগ্রহ করতে হবে বলে জানিয়েছে কমিশন।

সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে সাধারণভাবে প্রবেশে বিধিনিষেধ থাকায় শুধুমাত্র সংশ্লিষ্ট ভোটার ও নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্রধারীরাই কেন্দ্রে ঢুকতে পারবেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের ‘নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা–২০২৫’ অনুসরণ করতে হবে।

ইসি জানায়, সাংবাদিকদের পরিচয়পত্র ও যানবাহনের স্টিকার ইস্যুর জন্য https://pr.ecs.gov.bd/ নামে একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। দেশজুড়ে কর্মরত সাংবাদিকদের এই পোর্টালে প্রবেশ করে নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে অনুমোদন পেলে সংশ্লিষ্ট সাংবাদিক নিজেই অনলাইন থেকে কার্ড ও স্টিকার ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাভিত্তিক কেন্দ্রীয় সাংবাদিকদের কার্ড ও স্টিকার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে অনুমোদিত হবে। আর জেলা ও স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের আবেদন অনুমোদনের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার ওপর। এ জন্য রিটার্নিং অফিসারদের জন্য আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করা হয়েছে।

ইসি আরও জানায়, সাধারণত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা, টেলিভিশন, রেডিও, সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল, নিউজ এজেন্সি ও আইপি টিভির সাংবাদিকরাই এই সুবিধা পাবেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তালিকাভুক্ত এবং নিয়মিত প্রকাশিত গণমাধ্যমের সাংবাদিকদের আবেদন যাচাই করেই অনুমোদন দেওয়া হবে।

সংবাদ সংগ্রহে আগ্রহী সাংবাদিকদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকালে ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, প্রেস কার্ডসহ নির্ধারিত ফরমেট ও সাইজ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে কমিশন।

ভোটের দিন দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের জন্য বেশ কিছু বিধিনিষেধও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ভোটকক্ষে সীমিত সময় অবস্থান, গোপন কক্ষের ছবি না তোলা, সরাসরি সম্প্রচার না করা, ভোটার বা নির্বাচনি কর্মকর্তাদের সাক্ষাৎকার না নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ প্রচার থেকে বিরত থাকা। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট আইন ও প্রিজাইডিং অফিসারের নির্দেশনা মেনে চলার কথাও বলা হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

মতামত দিন