রূপপুর প্রকল্পে ব্যয় বাড়ছে প্রায় ২৬ হাজার কোটি টাকা।
দেশের সর্ববৃহৎ অবকাঠামো উদ্যোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। নতুন করে প্রায় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা অতিরিক্ত খরচ যোগ হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে রূপপুর প্রকল্পের ব্যয় বাড়ানো ছাড়া বিকল্প নেই। তাঁর ভাষায়, “এটা প্রকল্প ব্যবস্থাপনার ব্যর্থতা নয়, মূলত বৈদেশিক মুদ্রার দর বৃদ্ধির সরাসরি প্রভাব।”
তিনি জানান, সর্বশেষ একনেক সভায় মোট ৪৫ হাজার ১৯১ কোটি টাকা ব্যয়ের ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সাধারণত দুটি একনেক সভা হওয়ার কথা থাকলেও একটি সভাতেই সব প্রকল্প উপস্থাপন করায় সংখ্যাটি তুলনামূলকভাবে বেশি দেখাচ্ছে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, অন্তর্বর্তী সরকার নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সংযত অবস্থান নিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি জানান, এটি বর্তমান সরকারের শেষ একনেক সভা হলেও প্রয়োজন দেখা দিলে ভবিষ্যতে আবার বৈঠক ডাকা যেতে পারে। এ ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। উদাহরণ হিসেবে তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় শেষ মুহূর্ত পর্যন্ত একনেক সভা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করেন।

মতামত দিন