ইমামদের কল্যাণে ১০০ কোটি টাকার নতুন উদ্যোগ,গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান:ধর্ম উপদেষ্টার।
গণভোটকে সামনে রেখে ইমামদের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে জাতীয় ইমাম সম্মেলনে। এ সময় ইমামদের জন্য ১০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প নেওয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বলেন, চলতি মাসের ২৮ তারিখ প্রকল্পটির প্রস্তাব জমা দেওয়া হবে।
ধর্ম উপদেষ্টা বলেন, রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন নিশ্চিত করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। তিনি দাবি করেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, গোলাপি ব্যালট কেবল একটি ভোট নয়, এটি দেশের ভবিষ্যৎ পথনির্দেশ। গুম, খুন ও অস্থিতিশীলতার রাজনীতিতে ফিরে না যেতে চাইলে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, অতীতে ক্ষমতার কেন্দ্রীকরণ ও নির্বাচন কমিশনের দুর্বলতার কারণে মানুষ প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে রাজনৈতিক দলগুলো জবাবদিহির আওতায় আসবে এবং দুর্নীতির সুযোগ সংকুচিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতামত দিন