ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি: সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সেজন্য কমিশন সব ধরনের নিরাপত্তা ও ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করবে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কূটনীতিকদের সঙ্গে আয়োজিত ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিইসি এ নিশ্চয়তা দেন।
ব্রিফিংয়ে অংশগ্রহণকারী বিদেশি কূটনীতিকরা নির্বাচন কমিশনের প্রস্তুতিকে স্বাগত জানান এবং সন্তোষ প্রকাশ করেন। সিইসি আরও বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা ভোটাররা উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশাপ্রকাশ করেছেন।
সকাল থেকে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ উপলক্ষে দেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচন সংক্রান্ত সকল প্রস্তুতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

মতামত দিন