জাতীয়
ছবি: সংগৃহীত

হর্নের শব্দ কমলেই মিলবে টেকসই নগর পরিবেশ: রিজওয়ানা হাসান।

নিজেস্ব প্রতিবেদক:

নগরের শব্দদূষণ রোধে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে হর্নমুক্ত ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব।

রোববার (২৫ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা কার্যকর করতে পরিচালিত সমন্বিত অভিযান পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিআরটিএর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে শব্দমাত্রা পরিমাপ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোর একটি। এখানকার সফল বাস্তবায়ন দেশের অন্যান্য এলাকাতেও শব্দদূষণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, বিমানবন্দর এলাকা নীরব অঞ্চল হিসেবে কার্যকর করা গেলে তা পুরো নগরীতে শব্দদূষণ কমানোর ক্ষেত্রে একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে।

মতামত দিন