সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের রুল জারি
আদালতের নির্দেশ পালন না করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না—সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত একটি রুল জারি করে কমিশন প্রধানকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
শুনানি শেষে তিনি জানান, গত বছরের ২৭ আগস্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে সেই আদেশ বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনার কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ ওঠে।
এই প্রেক্ষাপটে আদালত অবমাননার অভিযোগ এনে সিইসির বিরুদ্ধে আবেদন করা হয়। বিষয়টি আমলে নিয়ে হাইকোর্ট জানতে চেয়েছেন, কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না।
এর আগে ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ নামে একটি রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। দীর্ঘ সময়েও সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।
মতামত দিন