জাতীয়
ছবি: সংগৃহীত

ভাঙ্গায় বাস–ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, হাসপাতালে ভর্তি অন্তত ২৪।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও অন্তত ৩০ জন আহত হন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

নিহতরা হলেন—ট্রাকচালক রাশেদ শেখ (২৮) এবং তার সহকারী নবীন শেখ (২২)। দুজনেই ফরিদপুর জেলার ধলার মোড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসছিল ভাঙ্গাগামী ইটভর্তি ট্রাক। নওপাড়া এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে ২৪ জনকে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় আটজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মতামত দিন