জাতীয়
ছবি: সংগৃহীত

একদিনে সংসদ নির্বাচন ও গণভোট: ভোট দেবেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ মানুষ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে গণভোট ঘিরে ভোটারদের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, এবারে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জন নাগরিক

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসনভিত্তিক ভোটার তালিকার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ১২০ জন

ভোটার বণ্টনের হিসাবে দেখা গেছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনেই ভোটার সংখ্যা সর্বাধিক। ওই আসনে মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। অন্যদিকে ঝালকাঠি-১ আসনে ভোটার সবচেয়ে কম, যেখানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জনে

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় নির্বাচনী ব্যবস্থাপনায় অতিরিক্ত প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইসি সূত্র জানিয়েছে, ভোটার সংখ্যার ভিত্তিতে ব্যালট পেপার মুদ্রণ, ভোটকেন্দ্র নির্ধারণ ও জনবল বণ্টনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দুটি ভিন্ন ব্যালটে ভোট গ্রহণ করতে হওয়ায় ভোট গ্রহণ ও গণনার সময় কিছুটা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে নির্বাচনকে ঘিরে আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে কমিশন। ভোটারদের এনআইডি সংগ্রহ, অর্থ বা উপহার দেওয়ার প্রতিশ্রুতি কিংবা কোনো ধরনের প্রলোভন দেখানো আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ—এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে ইসি। প্রার্থিতা সংক্রান্ত কোনো আইনি জটিলতা তৈরি হলে আদালতের নির্দেশ অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কমিশন।

নির্বাচন সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচনে নতুন ভোটারদের অংশগ্রহণ এবং প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মতামত দিন