ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া।
রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় সায়েন্সল্যাব বৃহস্পতিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয়। হঠাৎ সৃষ্ট উত্তেজনার জেরে মুখোমুখি অবস্থানে চলে আসে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, প্রথমে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হলেও তা দ্রুত বড় আকার নেয়। এক পর্যায়ে দুই পক্ষই লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে আসে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। চারদিক থেকে ছোড়া হয় ইট ও পাটকেল, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেলও ছোড়া হয়। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আহতের তথ্য পাওয়া যায়নি। তবে উত্তেজনার কারণে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান।
ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, কিছু ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে বারবার শিক্ষাপ্রতিষ্ঠানকে জড়িয়ে সহিংস পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তারা বলেন, এতে সাধারণ শিক্ষার্থীরা ঝুঁকিতে পড়ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।

মতামত দিন