পল্টনে দুই বাসের মাঝে চাপা পড়ে হেলপার নিহত।
রাজধানীর ব্যস্ত পল্টন এলাকায় সন্ধ্যার ভিড়ে দুই পরিবহনের বাসের মাঝখানে পড়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহত ব্যক্তি ভিক্টর পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে পল্টন থানার খদ্দার মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইলিয়াস হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজমেরী পরিবহন ও ভিক্টর পরিবহনের দুটি বাস কাছাকাছি অবস্থানে থাকাকালে ইলিয়াস অসাবধানতাবশত মাঝখানে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ইলিয়াসের মৃত্যু হয়।
নিহত ইলিয়াস পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রশিদ সরকারের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, কর্মসূত্রে তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন।
ইলিয়াসের বোন রোকসানা বলেন, সন্ধ্যার পর খবর পাই আমার ভাই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা চলছিল। পরে জানতে পারি, সে আর বেঁচে নেই।
ঘটনার পর আজমেরী পরিবহন ও সংশ্লিষ্ট চালককে পল্টন থানা পুলিশ হেফাজতে নেয়। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, পল্টন এলাকা থেকে আহত অবস্থায় এক বাস হেলপারকে হাসপাতালে আনা হয়েছিল। পরবর্তীতে তার মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মতামত দিন