জাতীয়
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

রাত গভীর হওয়ার পর হঠাৎ আগুনে পুড়ে যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি প্লাস্টিক পণ্য উৎপাদনকারী কারখানা। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট টানা অভিযান চালিয়ে প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় অবস্থিত ‘প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড’ কারখানায়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে মণ্ডলপাড়া স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি বিবেচনায় হাজীগঞ্জ স্টেশনের দুটি ও ফতুল্লা স্টেশনের আরও দুটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে সাতটি ইউনিট ভোর পর্যন্ত আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে বিপুল পরিমাণ প্লাস্টিক কাঁচামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

তিনি আরও বলেন, কারখানাটিতে পলিব্যাগ, হ্যাঙ্গার, স্কচটেপসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকজাত পণ্য তৈরি হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

মতামত দিন