নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন পরিবহন কোম্পানির অবৈধ কাউন্টার, গাড়ির গ্যারেজ এবং তুলার গুদামসহ প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং যানজট বাড়ে। এছাড়া এসব স্থাপনাকে কেন্দ্র করে চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি কমাতে যৌথ এই অভিযান পরিচালনা করা হয়েছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের স্টেট অফিসার মো. আশফাকুল হক চৌধুরী বলেন, “উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হবে এবং যারা পুনরায় অবৈধ দখল করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্যোগের লক্ষ্য মহাসড়কে যান চলাচল নিরাপদ রাখা এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করা।”
মতামত দিন