জাতীয়
ছবি: সংগৃহীত

টেকনাফ সীমান্তে অর্ধশতাধিক স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, বাড়ানো হয়েছে নিরাপত্তা।

নিজেস্ব প্রতিবেদক:

মিয়ানমার সীমান্তঘেঁষা টেকনাফের একটি এলাকায় অভিযান চালিয়ে স্থলমাইনের গুরুত্বপূর্ণ অংশ জব্দ করেছে যৌথ বাহিনী। উদ্ধারকৃত এসব উপাদান ঘিরে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বিত অভিযানে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

উখিয়ায় দায়িত্বরত বিজিবি ৬৪ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৫০ থেকে ৬০টি স্থলমাইনের চাপ প্লেট বা অগ্রভাগ শনাক্ত করা হয়েছে। উদ্ধার করা অংশগুলো নিরাপত্তাজনিত কারণে হোয়াইক্যং বিজিবি ফাঁড়িতে স্থানান্তর করা হয়েছে।

বিজিবির একটি সূত্র জানায়, সাধারণত একটি স্থলমাইন চারটি ভিন্ন উপাদানে গঠিত হয়। উদ্ধার হওয়া অংশটি হলো অগ্রভাগ বা চাপ প্লেট, যা মাটির উপরে বা অল্প গভীরে স্থাপন করা থাকে এবং চাপ পড়লেই বিস্ফোরণের প্রক্রিয়া শুরু করতে পারে।

এ বিষয়ে বিজিবি ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া অংশগুলোতে কোনো বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন