জাতীয়
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা নিতে অনুমতি পেলেন না আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম।

নিজেস্ব প্রতিবেদক:

দুর্নীতির মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞার মুখে থাকা মোয়াজ্জেম হোসেনকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে রাজি হননি আদালত। চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ড যাওয়ার আবেদন করা হলেও তা সরাসরি খারিজ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ শুনানি শেষে মোয়াজ্জেম হোসেনের আবেদন নামঞ্জুর করেন।

শুনানিতে মোয়াজ্জেমের পক্ষে আইনজীবী মো. রায়হান জানান, জাতীয় পরিচয়পত্র অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ চাওয়া হয়েছিল। তার দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। অভিযুক্ত ব্যক্তি কোনো রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত নন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।

আবেদনে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনায় পড়ে মোয়াজ্জেম হোসেনের মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে এবং স্পাইনাল কর্ড থেকে তরল নিঃসরণের সমস্যা দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে মেডিকেল ভিসার আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে।

তবে আদালত এসব যুক্তি আমলে না নিয়ে আবেদনটি খারিজ করে দেন।

প্রসঙ্গত, গত বছরের ২৪ মে একই আদালত দুর্নীতির অভিযোগে মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্লক করার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক সময়ের সহকারী একান্ত সচিব (এপিএস) ছিলেন।

মতামত দিন