জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচনের প্রস্তুতিতে ইসির দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা, ভোটকেন্দ্র ও নিরাপত্তা ঘিরে একাধিক সিদ্ধান্ত

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতির গতি বাড়াতে নতুন রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঘোষিত এই দ্বিতীয় রোডম্যাপে ভোটকেন্দ্র, নিরাপত্তা ও নির্বাচনী সরঞ্জাম ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ইসির প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি সারা দেশের সব ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। এরপর ২৮ জানুয়ারি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাহিনীগুলোর সঙ্গে বিশেষ বৈঠকে বসবে কমিশন। ফেব্রুয়ারির শুরুতেই মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করা হবে।

রোডম্যাপে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারি আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চূড়ান্ত করা হবে এবং নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট এলাকায় পাঠানো হবে।

এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে আইন-শৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন না করার নির্দেশনাও দিয়েছে কমিশন, যা রোডম্যাপের একটি উল্লেখযোগ্য দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকার এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয়। সেই ধারাবাহিকতায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আজও নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। মঙ্গলবার সকাল ১১টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সোমবার কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সভাপতি।

মতামত দিন