প্রতারিত প্রেমিকের সঙ্গে বিয়ের চার মাসের মাথায় ডিভোর্স,পার্কে বিষপান করা সেই জান্নাত মারা গেছেন।
বরিশালে চার মাস আগে বিয়ে করা প্রেমিকের কাছ থেকে ডিভোর্স পাওয়ার কষ্টে পার্কে বিষপান করা ওই তরুণী জান্নাত রোববার (১৮ জানুয়ারি) সকালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।
জান্নাত গত ১২ জানুয়ারি বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কে বিষপান করেছিলেন। তখন পুলিশ ঘটনাস্থল থেকে তার ব্যাগে রাখা কাফনের কাপড়, আগরবাতি ও দাফনের মালামাল এবং বিষের খালি বোতল উদ্ধার করেছিল।
মৃত্যুর আগে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা জান্নাত ও অভিযুক্ত স্বামী প্রকৌশলী সিদ্দিকুর রহমান সাগরের মধ্যে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। তবে বিয়ের মাত্র চার মাসের মাথায় সাগর তাকে বিনা কারণে তালাক দেন।
জান্নাতের ফুফাতো ভাই জানান, বিয়ের সময় সাগরের বাড়ি গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়। গর্ভপাত করানোর পরও শ্বশুরবাড়ি ও স্বামীর আচরণে হতাশ হয়ে পার্কে বিষপান করেন জান্নাত। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
মডেল থানার ওসি আরও বলেন, “প্রেম ও বিয়ের পর স্বামীর আচরণে কষ্টে তিনি প্রকাশ্যে বিষপান করেছিলেন। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন