জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের চার দিনের কর্মসূচি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

সাতটি সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। চার দিনব্যাপী এই কর্মসূচি শুরু হবে সোমবার (১৯ জানুয়ারি) থেকে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়ার ভিত্তিতে দ্রুত অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে একটি ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উদ্বোধন করা হবে। একই দিনে সাত কলেজের প্রতিটি ক্যাম্পাসে স্থায়ীভাবে আরও পাঁচটি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে।

এই মঞ্চগুলো থেকে শিক্ষার্থীরা রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি সাধারণ জনগণের সামনে প্রস্তাবিত অধ্যাদেশের প্রয়োজনীয়তা ও যুক্তি তুলে ধরবেন বলে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চটি পর্যায়ক্রমে সাত কলেজের সব ক্যাম্পাসে কর্মসূচি পালন করবে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সায়েন্সল্যাব মোড়ে ভ্রাম্যমাণ মঞ্চ ও ক্যাম্পাসভিত্তিক মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থীরা একটি বড় সমাবেশ করবেন।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে যদি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়ে তা বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়, তাহলে ওই সমাবেশ থেকেই রাষ্ট্র ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি বৃহৎ বিজয় মিছিল আয়োজন করা হবে।

তবে নির্ধারিত দিনে অধ্যাদেশ অনুমোদন ও গেজেট প্রকাশ না হলে, একই সমাবেশ থেকে যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে বৃহৎ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করে দিয়েছেন আন্দোলনকারীরা।

মতামত দিন