ইসির আপিল শুনানিতে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বাতিল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথে বড় ধাক্কা খেল বিএনপি। নির্বাচন কমিশনের চূড়ান্ত আপিল শুনানিতে দলটির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত এসেছে।
রোববার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানির শেষ দিনে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। বাতিল হওয়া প্রার্থীরা হলেন—চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর এবং কুমিল্লা-১০ আসনের আবদুল গফুর ভুইয়া।
ইসি সূত্র জানায়, চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের বিরুদ্ধে আপিল করেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন। শুনানিতে ঋণখেলাপির অভিযোগের প্রমাণ পাওয়ায় কমিশন তার মনোনয়ন বাতিল করে। যদিও এর আগে রিটার্নিং কর্মকর্তার যাচাইয়ে তার মনোনয়ন বৈধ ছিল। একই দিনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে।
অন্যদিকে কুমিল্লা-১০ আসনের প্রার্থী আবদুল গফুর ভুইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ ওঠে। নির্বাচনী হলফনামায় এ তথ্য গোপনের বিষয়টি উঠে আসায় এবং আপিল শুনানিতে তিনি অনুপস্থিত থাকায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়। এই আসনটি নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত।
রোববার ছিল মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল শুনানির শেষ দিন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে শুনানি। এদিন ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিল নিষ্পত্তি করা হয়। আগের দিনগুলোতে জমা থাকা কিছু আবেদনও এদিনের শুনানিতে চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। এর মধ্যে ৯ জানুয়ারি একদিনেই জমা পড়ে ১৭৬টি আবেদন। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হয়।
নির্বাচনী তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মতামত দিন