নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে ইসি ভবন ঘেরাও ছাত্রদলের।
রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকেই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা।
ছাত্রদলের দাবি, সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং এর পেছনে নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্ত ও বিশেষ রাজনৈতিক শক্তির প্রভাব কাজ করছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি।
সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, নির্বাচন কমিশন জোরপূর্বক একাধিক সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবং একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে বিশেষ সেটআপ তৈরি করা হয়েছে। তার মতে, এই প্রবণতা জাতীয় নির্বাচনেও বড় ধরনের অনিয়মের পথ তৈরি করছে।
ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে কমিশনের বিতর্কিত ও পক্ষপাতমূলক সিদ্ধান্ত, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে যুক্তিসংগত সিদ্ধান্ত থেকে সরে আসা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, এসব সিদ্ধান্ত কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে গুরুতরভাবে প্রশ্নের মুখে ফেলেছে এবং শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশের জন্য এটি একটি বিপজ্জনক দৃষ্টান্ত।
ঘেরাও কর্মসূচির মাধ্যমে কমিশনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আজ জবাবদিহিতা চাইতে এসেছি। যদি এই পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত ও বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না করা হয়, তাহলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”
মতামত দিন