সাভারে সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ৩৫টি দোকান
সাভারে উপজেলা প্রশাসন মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে। অভিযানটি ছোটবলিমেহের এলাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে হওয়া অভিযানে মোট ৩৫টি অবৈধ দোকান ভেকু ব্যবহার করে ভেঙে দেওয়া হয়। পরে দখলমুক্ত জমিতে উপজেলা ভূমি অফিসের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের বরাতে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের পাশে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছিলেন, যা যান চলাচল ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছিল। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সাভার মডেল থানার পুলিশ সহায়তা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “সরকারি জমি ও মহাসড়ক দখল করে কেউ অবৈধ স্থাপনা গড়ে তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে নতুন করে কেউ চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়রা জানান, নিয়মিত এই ধরনের অভিযান চললে মহাসড়কে যান চলাচল নিরাপদ হবে এবং সরকারি জমি দখলমুক্ত থাকবে।

মতামত দিন