মাথার খুলি খুলে রাখা হয়েছে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হুজাইফার।
মিয়ানমার সীমান্ত ঘেঁষা উত্তেজনার মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের চিকিৎসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
চমেক হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গঠিত চার সদস্যের মেডিকেল বোর্ড শিশুটির চিকিৎসা পর্যালোচনা করে উন্নত স্নায়ু চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সুপারিশ করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, হুজাইফার মস্তিষ্কে চাপ নিয়ন্ত্রণে রাখতে অস্ত্রোপচারের মাধ্যমে খুলির একটি অংশ সাময়িকভাবে খোলা রাখা হয়েছে। তার অবস্থা এখনও সংকটাপন্ন থাকায় আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হবে।
হুজাইফা আফনান কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। রোববার (১১ জানুয়ারি) সকালে সীমান্তের ওপার থেকে ছুটে আসা গুলিতে সে মাথায় গুরুতর আহত হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে প্রথমে চমেক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে আইসিইউতে নেওয়া হয়। অস্ত্রোপচার করা হলেও মাথায় আটকে থাকা গুলিটি বের করা সম্ভব হয়নি। বর্তমানে সে লাইফ সাপোর্টে রয়েছে।
এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। মংডু টাউনশিপসহ আশপাশের এলাকায় জান্তা বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা, ড্রোন আক্রমণ, মর্টার শেল ও বোমাবর্ষণ চালাচ্ছে।
একই সময়ে স্থলপথে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষও চলছে। এতে সীমান্ত পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। বিস্ফোরণ ও গোলার শব্দে বাংলাদেশের টেকনাফ সীমান্তবর্তী গ্রামগুলো কেঁপে উঠছে। ক্ষয়ক্ষতির মুখে পড়ছে বসতঘর, চিংড়িঘের এবং নাফ নদীর আশপাশের এলাকা।
হুজাইফার চাচা মোহাম্মদ এরশাদ জানান, শনিবার রাতজুড়ে গোলাগুলির শব্দে পুরো এলাকা আতঙ্কে ছিল। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হন। এ সময় খেলতে বের হলে সড়কের কাছে পৌঁছাতেই সীমান্তের ওপার থেকে আবার গোলাগুলি শুরু হয়। তখন একটি গুলি হুজাইফার মুখের পাশ দিয়ে ঢুকে মাথায় বিদ্ধ হয়।
মতামত দিন