এলপিজি সংকট না কাটলে রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের।
জ্বালানি সংকটসহ একাধিক দীর্ঘদিনের সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে দেশজুড়ে সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তে যেতে পারে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।
সমিতির নেতারা বলেন, করোনাকালীন ক্ষতি কাটিয়ে ওঠার আগেই রাজনৈতিক পটপরিবর্তন ও অর্থনৈতিক অস্থিরতায় রেস্তোরাঁ খাত নতুন করে চাপে পড়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসায়ীদের যে প্রত্যাশা ছিল, দায়িত্ব নেওয়ার এক বছরের বেশি সময় পার হলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে না। উল্টো বাজারে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসাকে গভীর সংকটে ফেলেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে রেস্তোরাঁ খাত একযোগে একাধিক সমস্যার মুখে। এর মধ্যে রয়েছে তীব্র জ্বালানি ও এলপিজি সংকট, ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি, মূল্যস্ফীতির চাপ, ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের অনুপস্থিতি, অনুমোদনহীন স্ট্রিট ফুড ব্যবসার বিস্তার এবং খাতভিত্তিক সমস্যার সমাধানে রাজনৈতিক অঙ্গীকারের অভাব।
রেস্তোরাঁ মালিকরা অভিযোগ করেন, এলপিজি সংকট নিরসনে সরকার এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এ পরিস্থিতি অব্যাহত থাকলে রেস্তোরাঁ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। তখন বাধ্য হয়েই সারাদেশে রেস্তোরাঁ বন্ধের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এর আগে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। পরবর্তীতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আশ্বাসের পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
মতামত দিন