প্রবাসীদের জন্য সুখবর দিলেন আসিফ নজরুল।
প্রবাসী কর্মীদের জন্য বিকল্প অর্থায়নের নতুন সুযোগ আনতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। খুব শিগগিরই ব্যাংকটি শরিয়াহ নীতিমালা অনুসরণ করে ঋণ কার্যক্রম শুরু করতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেন, চলতি মাসের মধ্যেই শরিয়াভিত্তিক ঋণ কার্যক্রম চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আসিফ নজরুল জানান, প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে তিনি নিশ্চিত হয়েছেন যে, কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি প্রায় সম্পন্ন।
এ উদ্যোগ বাস্তবায়নে ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহর পরামর্শ ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও পোস্টে উল্লেখ করেন উপদেষ্টা।

মতামত দিন