জাতীয়
ছবি: সংগৃহীত

এডিপির অনুমোদন কমল ৩০ হাজার কোটি টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) চলতি অর্থবছরের জন্য সরকারের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন করেছে। মূল এডিপির তুলনায় এতে প্রায় ১৩ শতাংশ অর্থ কমানো হয়েছে, যা প্রায় ৩০ হাজার কোটি টাকার সমান।

এর ফলে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২ লাখ কোটি টাকায়।

সোমবার (১২ জানুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত এডিপি অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, সংশোধিত এডিপিতে সরকারি অর্থায়ন এবং বিদেশি ঋণ ও অনুদান—উভয় ক্ষেত্রেই বরাদ্দ কমানো হয়েছে। সরকারি অর্থায়নের বরাদ্দ কমানো হয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা (১১ শতাংশ), আর বিদেশি ঋণ ও অনুদানের ক্ষেত্রে ১৪ হাজার কোটি টাকা (১৬ শতাংশ) কমানো হয়েছে। ফলে সরকারি অর্থায়ন দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি, এবং বিদেশি ঋণ-অনুদান ৭২ হাজার কোটি টাকা।

কাটছাঁটের কারণ
কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলো চলতি অর্থবছরের প্রকল্প বাস্তবায়নে তুলনামূলকভাবে কম বরাদ্দ চেয়েছিল। প্রকল্প বাস্তবায়নের ধীরগতি, দীর্ঘদিন প্রকল্প পরিচালক না থাকা, নতুন পরিচালক নিয়োগে বিলম্ব এবং কিছু প্রকল্প পুনর্মূল্যায়নের আওতায় থাকার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া নির্বাচনের বছর হওয়ায় মন্ত্রণালয়গুলোও সংযমী অবস্থান নিয়েছে।

খাতভিত্তিক বরাদ্দ
সংশোধিত এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত—৩৮ হাজার ৫০৯ কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাত পেয়েছে ২৬ হাজার ১৮৬ কোটি টাকা। বাসস্থান ও কমিউনিটি সুবিধা, শিক্ষা, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন খাতও উল্লেখযোগ্য বরাদ্দ পেয়েছে।

এদিকে স্বাস্থ্য খাত সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে—বরাদ্দ কমানো হয়েছে প্রায় ৭৪ শতাংশ। মূল এডিপিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ ছিল ১৮ হাজার ১৪৮ কোটি, যা এখন নেমে এসেছে ৪ হাজার ৭১৮ কোটি টাকায়। শিক্ষা খাতেও প্রায় ৩৫ শতাংশ কাটছাঁট হয়েছে।

পরিবহন ও যোগাযোগ খাতেও মূল বরাদ্দের প্রায় ৩৫ শতাংশ কমানো হয়েছে। সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ কমে দাঁড়িয়েছে ৫৪৫ কোটি টাকায়। বিদ্যুৎ খাতে ১৯ শতাংশ, কৃষিতে ২১ শতাংশ কমানো হয়েছে। তবে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ খাতে বরাদ্দ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক বরাদ্দ
স্থানীয় সরকার বিভাগ সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে—৩৭ হাজার ৫৩৪ কোটি টাকা। এরপর রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ। বিজ্ঞান ও প্রযুক্তি, পানি সম্পদ, শিক্ষা সংশ্লিষ্ট বিভাগগুলোও উল্লেখযোগ্য বরাদ্দ পেয়েছে।

সংশোধিত এডিপিতে বিশেষ উন্নয়ন সহায়তার জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলোর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প যুক্ত করলে সংশোধিত এডিপির মোট আকার দাঁড়ায় প্রায় ২ লাখ ৮ হাজার কোটি টাকা।

মোট ১ হাজার ৩৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে বিনিয়োগ প্রকল্পের সংখ্যাই বেশি। চলতি অর্থবছরে এসব প্রকল্পের মধ্যে ২৮৬টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন