টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের দুই পা বিচ্ছিন্ন।
কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী এলাকায় স্থাপিত মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৭) নামে এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। বিস্ফোরণে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে নাফ নদীর তীরবর্তী এলাকায় নিজ চিংড়ি ঘেরের কাছে মাছ শিকার করতে গেলে বাংলাদেশ অংশের ৫ নম্বর সীমান্ত পিলারের আশপাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, আগের দিন রোববার মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা গুলিবর্ষণ করতে করতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়ে। পরে ফিরে যাওয়ার সময় তারা ওই এলাকায় মাইন পুঁতে রেখে যায়। সোমবার সকালে সেখানে গেলে হানিফ ওই মাইনের ওপর পা রাখেন।
ঘটনার প্রতিবাদে এলাকাবাসী টেকনাফ–কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপির সদস্য জুনায়েদ আলী চৌধুরী, হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি হাজি ফেরদৌস আহমদ ও সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেন।
বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারেননি। তবে মাইন বিস্ফোরণে হানিফ নামে এক যুবক আহত হয়েছেন—এমন তথ্য পেয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

মতামত দিন